‘মাংস গলানো’ অস্ত্র ব্যবহারের অভিযোগ! লেবাননে ইজরায়েলের হামলায় নতুন বিতর্ক

আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ার যুদ্ধ আরও ভয়াবহ মোড় নিচ্ছে। এবার দক্ষিণ লেবাননে হামলার ঘটনায় ইজরায়েলের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক রাসায়নিক অস্ত্র হোয়াইট ফসফরাস ব্যবহারের অভিযোগ উঠেছে। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, লেবাননের ইয়োহমোর গ্রামে আর্টিলারি হামলার সময় এই অস্ত্র ব্যবহার করা হয়েছে। তারা ছবি ও তথ্য যাচাই করে এই অভিযোগের প্রমাণ পাওয়ার কথাও জানিয়েছে।

হোয়াইট ফসফরাস একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ। বাতাসের সংস্পর্শে এলেই এটি জ্বলে ওঠে এবং তাপমাত্রা ৮০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। মানুষের শরীরে পড়লে ত্বক পুড়ে গভীর ক্ষত তৈরি হয়, এমনকি হাড় পর্যন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ধোঁয়াও মারাত্মক ক্ষতিকর এবং শ্বাসকষ্ট বা অঙ্গ বিকল হওয়ার ঝুঁকি তৈরি করে।

মানবাধিকার কর্মীদের মতে, জনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের পরিপন্থী হতে পারে। তবে ইজরায়েলের দাবি, তারা হোয়াইট ফসফরাস কেবল ‘স্মোক স্ক্রিন’ বা যুদ্ধক্ষেত্রে আড়াল তৈরির জন্য ব্যবহার করে, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে এক সপ্তাহেই প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে বহু শিশু ও নারী রয়েছে। ফলে পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ বাড়ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *