পশ্চিম এশিয়ার সংঘাতে প্রাণ গেল ২ ভারতীয়র, রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ বিদেশমন্ত্রীর

আমুদরিয়া নিউজ : পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল ভারতের ওপরও। সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় চাঞ্চল্যকর তথ্য দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, চলমান সংঘাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন দুই ভারতীয় নাবিক। আরও একজন ভারতীয় এখনও নিখোঁজ রয়েছেন এবং তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে জয়শঙ্কর বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সংঘাতের জেরে বহু ভারতীয় নাগরিক বিপদের মুখে পড়েছেন। কেন্দ্র সরকার তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজার ভারতীয়কে নিরাপদে ফিরিয়ে আনার কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

বিদেশমন্ত্রী আরও বলেন, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে প্রায় এক কোটিরও বেশি ভারতীয় বাস করেন। বিশেষ করে ইরানে বহু ভারতীয় পড়ুয়াও আটকে রয়েছেন। তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, এই সংকটের একমাত্র সমাধান কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সম্ভব।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *