‘অপারেশন সিঁদুর’ নিয়ে প্রচারে আমিরশাহি, জাপানে ভারতের প্রতিনিধিদল

আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুর নিয়ে এবার বিশ্বব্যাপী প্রচারে নেমেছে ভারতের সর্বদলীয় প্রতিনিধি দল। ইতিমধ্যেই একটি প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরশাহি এবং আর একটি দল জাপানে পৌঁছেছে। জাপানে যাওয়া প্রতিনিধিদলটির নেতৃত্বে রয়েছেন জেডিইউ সাংসদ সঞ্জয় ঝা। এই দলে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সিবি জর্জ। জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার সঙ্গে সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের একটি বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অটল অবস্থান স্পষ্ট করা হয়েছে। জাপানে যাওয়া প্রতিনিধিদলটিতে সঞ্জয়, অভিষেক ছাড়াও রয়েছেন বিজেপির অপরাজিত সারঙ্গী, ব্রিজলাল, প্রধান বড়ুয়া, হেমাঙ্গ জোশী। রয়েছেন কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিদেশমন্ত্রী সলমন খুরশিদ, সিপিএমের জন ব্রিটাস এবং প্রাক্তন রাষ্ট্রদূত মোহন কুমার। টোকিয়ো পৌঁছে সেখানে মহাত্মা গান্ধীর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন অভিষেক।

অন্যদিকে আমিরশাহিতে যাওয়া দলটির নেতৃত্বে রয়েছেন শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্দে। শিন্দের নেতৃত্বাধীন দলটি বৃহস্পতিবার আবু ধাবিতে আমিরশাহির ফেডেরাল ন্যাশনাল কাউন্সিলের সদস্য আহমেদ মির খুরির সঙ্গে সাক্ষাৎ করে। শিন্দে ছাড়াও এই প্রতিনিধিদলে রয়েছেন বিজেপির মননকুমার মিশ্র, বিজেডির সস্মিত পাত্র, আইইউএমএল-এর মহম্মদ বশীর, বিজেপির এসএস অহলুওয়ালিয়া, অতুল গর্গ, বাঁসুরী স্বরাজ এবং প্রাক্তন কূটনীতিক সুজন আর চিনয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *