আমুদরিয়া নিউজ : গোয়ায় বেড়াতে গিয়ে অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে চেয়েছিলেন বেঙ্গালুরুর পুষ্টিবিদ সুস্মিতা গোয়ারভ। কিন্তু কয়েক সেকেন্ডের সেই ‘ফান রাইড’ মুহূর্তে বদলে যায় দুঃস্বপ্নে। প্যারাসেলিংয়ের সময় আচমকাই তিনি সমুদ্রে পড়ে যান, আর সেই সঙ্গে নিরাপত্তার দড়িটিই গলার কাছে শক্ত হয়ে পেঁচিয়ে যায়। শ্বাসরোধের আতঙ্কে মাঝসমুদ্রে অসহায়ের মতো ছটফট করতে থাকেন তিনি। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই ভয়ংকর অভিজ্ঞতার ভিডিও শেয়ার করে সুস্মিতা লিখেছেন—“১ মিনিটের থ্রিল… প্রায় আমার সবকিছু কেড়ে নিচ্ছিল।”
উল্লেখ্য, এটাই প্রথম নয়। গত মার্চ মাসেই গোয়ার বাগা বিচে প্যারাসেলিংয়ের কেবল ছিঁড়ে মাঝআকাশ থেকে এক পর্যটক সমুদ্রে পড়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল। তারও আগে একাধিক প্যারাগ্লাইডিং ও ওয়াটার স্পোর্টস দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে সুস্মিতার এই অভিজ্ঞতা ফের সামনে এনে দিল ভয়ঙ্কর বাস্তব—ছুটির রোমাঞ্চ কখন যে মৃত্যুফাঁদে পরিণত হবে, তা বোঝার সময়ই নাও মিলতে পারে।