ভূমধ্যসাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান

আমুদরিয়া নিউজ: ভূমধ্যসাগরের তলদেশে বিশ্বের প্রাচীনতম জাহাজের ধ্বংসাবশেষ বলে ধারণা করা একটি বাণিজ্যতরির সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। তুরস্কের দক্ষিণাঞ্চলে আন্তালিয়া প্রদেশের কেকোভা দ্বীপের কাছে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ মিটার গভীরে পাওয়া এই জাহাজের বয়স আনুমানিক ৪৪০০ থেকে ৪৭০০ বছর। সূত্রে খবর, এটি প্রাথমিক ব্রোঞ্জ যুগের নিদর্শন।

জাহাজটির কাঠের কাঠামো নষ্ট হয়ে গেলেও সমুদ্রতলে পাওয়া গেছে তিনটি পাথরের নোঙর এবং ৩০টির বেশি মাটির পাত্র। পাত্রগুলির আকৃতি, নকশা ও অলংকরণ বিশ্লেষণ করে গবেষকেরা এর বয়স নির্ধারণ করেছেন। তাঁদের ধারণা, প্রায় ১০ মিটার দীর্ঘ জাহাজটি ভূমধ্যসাগরের পূর্ব উপকূলের কোনও বন্দর থেকে পণ্য নিয়ে যাত্রা করেছিল।

পাত্রগুলিতে তেল, ওয়াইন কিংবা গাছের রজন বহন করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। এই আবিষ্কার প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চলে সামুদ্রিক বাণিজ্য ও যোগাযোগের ইতিহাস সম্পর্কে নতুন তথ্য দেবে। এর ফলে বিশ্বের প্রাচীনতম জাহাজডুবির রেকর্ডও নতুন করে নির্ধারিত হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *