আমুদরিয়া নিউজ: বক্সার জঙ্গলে ফের নিখোঁজ ডুয়ার্স রানি। গত ৮ নভেম্বর অস্থায়ী এনক্লোজারের নীচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় বাঘিনিটি। রেডিওকলারের শেষ সংকেত অনুযায়ী, সে অসমের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও সাম্প্রতিক গতিবিধিতে বক্সাতেই তার থাকার ইঙ্গিত মিলেছে। এরই মধ্যে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদনে দাবি, বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলায় স্থানান্তরের পথে একাধিকবার চোট পেয়েছিল বাঘিনিটি। স্থানান্তরের ধকল ও বারবার অ্যানাস্থেশিয়া দেওয়ার জেরে তার গর্ভে থাকা তিনটি শাবকের গর্ভপাত হয়েছে বলেও দাবি করা হয়েছে। পুরোপুরি সুস্থ হওয়ার আগেই তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া এবং দুর্বল পরিকাঠামোর এনক্লোজারে রাখার বিষয়টি নিয়েও উঠছে প্রশ্ন। ঘটনাটি খতিয়ে দেখছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ)।
Total Views:
0