আমুদরিয়া নিউজ: অসুস্থ স্ত্রীকে বাড়িতে একা রেখে আফ্রিকায় যেতে চাননি। সেই কারণে কলকাতা-মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে ছিনতাইয়ের ভুয়ো হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন সোদপুরের বাসিন্দা ৫৬ বছরের পার্থ প্রতিম নন্দী।
বুধবার বিমানের শৌচাগার থেকে ‘বিমান ছিনতাই হবে’ লেখা একটি চিরকুট উদ্ধার হয়। এরপর ১০৫ জন যাত্রীকে নামিয়ে তল্লাশি শুরু করে সিআইএসএফ ও পুলিশ। প্রায় পাঁচ ঘণ্টা বিঘ্নিত হয় বিমান পরিষেবা। তদন্তে যাত্রীদের হাতের লেখা ও কার্ড পরীক্ষা করে সন্দেহের ভিত্তিতে পার্থ প্রতিমকে আটক করা হয়। পুলিশি জেরায় তিনি জানান, বিমান দেরিতে ছাড়লে তাঁর আফ্রিকাগামী পরবর্তী আন্তর্জাতিক উড়ান ধরা সম্ভব হবে না। সেই উদ্দেশ্যেই এই হুমকি দেন তিনি। অভিযুক্ত নিজেও ক্যানসারে আক্রান্ত বলে জানা গিয়েছে। বুধবার রাতেই তাঁকে গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ।