আমুদরিয়া নিউজ: দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রলয় ক্ষেপণাস্ত্রের সফল উড়ান পরীক্ষা চালাল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিট নাগাদ ওড়িশার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে এই পরীক্ষা করা হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষার সমস্ত নির্ধারিত লক্ষ্য পূরণ হয়েছে।
প্রলয় একটি ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর পাল্লা ১৫০ থেকে ৫০০ কিলোমিটার। কঠিন জ্বালানিচালিত এই ক্ষেপণাস্ত্র নির্ভুল ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। পাশাপাশি, উড়ানের সময় গতিপথ পরিবর্তনের ক্ষমতা থাকায় শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে এটি।
ডিআরডিওর তৈরি এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারকারী বাহিনীর মূল্যায়ন পরীক্ষাতেও সাফল্য মিলেছে। ফলে ভারতীয় সেনা ও বায়ুসেনায় এর অন্তর্ভুক্তির পথ আরও প্রশস্ত হল। এই সাফল্যের জন্য ডিআরডিও, সশস্ত্র বাহিনী এবং সংশ্লিষ্ট শিল্প সংস্থাগুলিকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।