আমুদরিয়া নিউজ: বাংলা-বিহার সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭০০ বোতল অবৈধ মদ উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম পাপ্পু সাহা। তাঁর বাড়ি সাদলিচক গ্রাম পঞ্চায়েতের বস্তা এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে কাটিগঙ্গা নাকা চেকপয়েন্টে তল্লাশি চালায় পুলিশ। সেই সময় একটি অটো থেকে উদ্ধার হয় মদের বোতল।
শুক্রবার এই ঘটনা নিয়ে সাংবাদিক বৈঠক করেন চাঁচলের এসডিপিও আফজাল আলী। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি সুমিত কুমার ঘোষ। ধৃতকে মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এসডিপিও আফজাল আলী জানান, বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ৭০০ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়। অবৈধ মদ পাচার রুখতে পুলিশের নজরদারি ও অভিযান চলবে।
উদ্ধার হওয়া মদের উৎস এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।