শিউলির গন্ধে, ঢাকের তালে শুরু শারদোৎসব, আজ মহাষষ্ঠী

আমুদরিয়া নিউজ: আকাশে শরতের মেঘ, বাতাসে শিউলির সুবাস আর দূর থেকে ভেসে আসছে ঢাকের বাদ্যি। উমার আগমনে সেজে উঠেছে বাংলার আকাশ-বাতাস। আজ মহাষষ্ঠী। শুরু হচ্ছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোর মূল পর্ব।

১৬ অক্টোবর, শুক্রবার ষষ্ঠীর হাত ধরে শুরু আনন্দের দিনগণনা। মহাষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের মাধ্যমে শুরু হচ্ছে উৎসবের আনুষ্ঠানিক পর্ব।

তবে এবারের পুজোর দিনক্ষণে রয়েছে বিশেষত্ব। তিথির বিন্যাসে সপ্তমী পালিত হচ্ছে দু’দিন ধরে। ১৭ ও ১৮ অক্টোবর, শনি ও রবিবার চলবে সপ্তমীর পুজো। নবপত্রিকা স্নান, কলাবউ প্রতিষ্ঠা এবং দেবীর আরাধনায় মুখরিত থাকবে মণ্ডপগুলি।

১৯ অক্টোবর, সোমবার অষ্টমীর সকালে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় জমবে পুষ্পাঞ্জলির জন্য। ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনিতে মুখর হয়ে উঠবে চারপাশ। থাকছে কুমারীপুজো এবং মহাষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধিপুজো।

২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমীতে দেবীর আরাধনা ও হোম-যজ্ঞের মধ্য দিয়ে এগোবে পুজোর শেষ পর্ব।

আর ২১ অক্টোবর, বুধবার দশমী এলেই মন ভার হবে বাঙালির। সিঁদুর খেলা, দর্পণ বিসর্জন, প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা আর ‘আসছে বছর আবার হবে’—এই আশায় উমাকে বিদায় জানাবে আপামর বাঙালি।

ষষ্ঠী থেকে দশমী—পুজোর প্রতিটি দিনেই থাকছে আলাদা আচার ও ঐতিহ্য। আর ঢাকের তালে, আলোর রোশনাইয়ে এবং উৎসবের আনন্দে মেতে উঠতে প্রস্তুত বাঙালি। আসলে দুর্গাপুজো শুধু কয়েক দিনের উৎসব নয়, এ যেন শিকড়ের টান, মিলনের সুর আর বাঙালির আবেগের এক অনন্য কাব্য। ঢাকের প্রতিটি বোলেই তাই ধ্বনিত হবে একটাই বার্তা—এসেছে উমা, জেগেছে বাংলা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *