আমুদরিয়া নিউজ: ভারতে আগামী ১ নভেম্বর থেকে ফোনকলের ক্ষেত্রে ‘কলিং নেম প্রেজেন্টেশন’ (সিএনএপি) ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। টেলি যোগাযোগ বিভাগ (ডিওটি)-এর নির্দেশ অনুযায়ী, নতুন ব্যবস্থায় অপরিচিত নম্বর থেকে ফোন এলেও কলারের নাম ও নম্বর দেখা যাবে।
প্রাথমিকভাবে ৪জি ও ৫জি নেটওয়ার্কে এই পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। ফোনে নম্বর সংরক্ষিত না থাকলে টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নথিভুক্ত নাম দেখা যাবে। তবে বিদেশ থেকে ফোন এলে ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখানো হবে।
গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, কলার আইডি গোপন রাখার সুবিধা ব্যবহারকারীদের পরিচয় আড়ালেই থাকবে। ব্যবসায়িক সংস্থাগুলি প্রয়োজনীয় নথি যাচাইয়ের মাধ্যমে নিবন্ধিত ব্যবসায়িক নাম দেখানোর সুযোগও পেতে পারে।
Total Views:
0