আমুদরিয়া নিউজ: নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞার পর প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি বিকল্প স্থান চিহ্নিত করেছে দিল্লি পুলিশ। এগুলি হল রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ড। তবে প্রতিটি স্থান ঘিরেই রয়েছে নানা সমস্যা।
যন্তর মন্তর থেকে প্রায় চার কিলোমিটার দূরে রামলীলা ময়দানে বিক্ষোভ করতে প্রতিদিন ৫০ হাজার টাকা ভাড়া দিতে হয়। পাশাপাশি, উৎসবের মরসুমে মাঠ পাওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, সিবিডি গ্রাউন্ডের চারপাশে ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকা থাকায় যানজট এবং স্থানীয়দের ভোগান্তির আশঙ্কা রয়েছে। তৃতীয় বিকল্প বুরারি ময়দান আয়তনে বড় হলেও, যন্তর মন্তর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে সেখানে বিক্ষোভ হলে সংবাদমাধ্যম, সাধারণ মানুষ এবং নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা কতটা সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।
দিল্লির নগরজীবনের ইতিহাসবিদ সোহেল হাশমির মতে, বিক্ষোভের জায়গা ক্ষমতার কেন্দ্র থেকে যত দূরে সরে যাবে, সাধারণ মানুষের দাবি সরকারের কাছে পৌঁছানো তত কঠিন হবে।