চাকরির দরজা খুলছে ক্যাম্পাসেই! ৪ হাজার পড়ুয়ার ভিড়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ের AVASAR, বেতন ১০ লক্ষেরও বেশি

আমুদরিয়া নিউজ: চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ নিয়ে আজ, ৭ অক্টোবর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে শুরু হচ্ছে AVASAR 2026 Placement & Internship Fair। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্লেসমেন্ট সেলের উদ্যোগে আয়োজিত এই মেলায় ইতিমধ্যেই ৪ হাজারের বেশি পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন এবং ৮৫টিরও বেশি সংস্থা অংশ নেওয়ার কথা জানিয়েছে।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই মেলার বিশেষ আকর্ষণ হল চাকরির পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সর্বোচ্চ বার্ষিক বেতন প্যাকেজ ১০ লক্ষ টাকার বেশি, আর ইন্টার্নশিপে মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড পাওয়ার সুযোগ রয়েছে।

SPRIX Japan, Teach for India, Kotak Life-সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। পড়ুয়ারা সরাসরি নিয়োগকারীদের সঙ্গে কথা বলার পাশাপাশি সংস্থার প্রেজেন্টেশন, ইন্টারভিউ, গ্রুপ ডিসকাশন ও অন্যান্য বাছাই প্রক্রিয়াতেও অংশ নিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, স্নাতক, স্নাতকোত্তর ও PhD পড়ুয়া এবং DU-এর প্রাক্তনীরাও এই কর্মসূচিতে অংশ নেওয়ার যোগ্য। ফলে ক্যাম্পাসে বসেই চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ খোঁজার ক্ষেত্রে AVASAR 2026 পড়ুয়াদের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *