আমুদরিয়া নিউজ: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বড় মাইলফলক। মহারাষ্ট্রের ঠাণে জেলার ভিওয়ান্ডির ডাইভ-আঞ্জুর এলাকায় জাতীয় সড়ক NH-3-এর উপর বসানো হয়েছে প্রকল্পের প্রথম স্টিল ব্রিজ। ১০০ মিটার দীর্ঘ এই সেতুটির ওজন প্রায় ১ হাজার ৪০৫ মেট্রিক টন। সেতুটি তৈরি হয়েছে তামিলনাড়ুর তিরুচিরাপল্লির একটি বিশেষ কারখানায়। সেখান থেকে প্রায় ১ হাজার ৩০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারী ট্রেলারে মহারাষ্ট্রে নিয়ে এসে ঘটনাস্থলে সেটি জোড়া লাগানো হয়। এরপর রাতের জাতীয় সড়ক বন্ধের সময় বিশেষ প্রযুক্তির সাহায্যে নির্দিষ্ট জায়গায় বসানো হয় সেতুটি।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন করিডরে মোট ২৮টি স্টিল ব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে। তার মধ্যে ইতিমধ্যেই ১৬টি সম্পন্ন হয়েছে। প্রযুক্তি ও পরিকাঠামোর দিক থেকে এই কাজকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে তুলে ধরেছে রেল মন্ত্রক। বিশেষ করে দেশের এক প্রান্তে তৈরি বিশাল স্টিল কাঠামো অন্য প্রান্তে নিয়ে গিয়ে নির্ভুলভাবে স্থাপনের এই প্রক্রিয়া প্রকল্পটির নির্মাণপর্বে নতুন সংযোজন।