আমুদরিয়া নিউজ: উৎসবের মরশুম সামনে। আর তার আগেই ১ অক্টোবর থেকে ট্রেনে বিশেষ টিকিট পরীক্ষার অভিযান শুরু করছে ভারতীয় রেল। সেন্ট্রাল রেলওয়ের আওতায় এই অভিযান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। মূল লক্ষ্য—বৈধ টিকিট, ছাড়ের সুবিধা, নির্দিষ্ট কোটা এবং রেলওয়ে পাসের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
এই সময় যাত্রীদের মূল পরিচয়পত্র সঙ্গে রাখার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। আধার, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সরকারি পরিচয়পত্র-সহ নির্দিষ্ট নথি গ্রহণযোগ্য। একাধিক যাত্রী একই রিজার্ভেশন টিকিটে ভ্রমণ করলে, টিকিটে নাম থাকা অন্তত একজন যাত্রীর নির্ধারিত মূল পরিচয়পত্র দেখাতে হবে।
এছাড়া ছাড়ের টিকিট বা নির্দিষ্ট কোটা ব্যবহারকারী যাত্রীদের ক্ষেত্রে সেই সুবিধা পাওয়ার যোগ্যতার প্রমাণও যাচাই করা হবে। টিকিটের সত্যতা যাচাই করতে রেলকর্মীরা TTE App-ও ব্যবহার করতে পারেন।
আর বৈধ টিকিট বা প্রয়োজনীয় নথি না থাকলে জরিমানার মুখে পড়তে হতে পারে। ২০ জুন ২০২৬ থেকে টিকিটবিহীন বা অননুমোদিত ভ্রমণের ন্যূনতম অতিরিক্ত চার্জ ৫০০ টাকা হয়েছে।
তাই পুজো ও উৎসবের সময় ট্রেনে যাত্রার আগে টিকিটের পাশাপাশি প্রয়োজনীয় মূল পরিচয়পত্র সঙ্গে রাখার পরামর্শই দিচ্ছে রেল।