আমুদরিয়া নিউজ: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কে এবার সরব হয়েছে বিজেপি নেতৃত্বাধীন NDA-র তিন শরিক দল—চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস), উপেন্দ্র কুশওয়াহার রাষ্ট্রীয় লোক মোর্চা এবং চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি। তিন দলই নির্বাচন কমিশনের কাছে গোটা বিতর্ক নিয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রী তথা LJP(RV) প্রধান চিরাগ পাসোয়ান বলেন, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তাই কমিশনের কাজ নিয়ে প্রশ্ন উঠলে, বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব হল সাধারণ মানুষের সামনে কমিশনের অবস্থান পরিষ্কার করা। তাঁর বক্তব্য, মানুষের মনে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি হওয়া গণতন্ত্রের পক্ষে ভালো নয়।
একই সুরে RLM প্রধান উপেন্দ্র কুশওয়াহাও বলেন, SIR-কে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করতে নির্বাচন কমিশনের দ্রুত সঠিক অবস্থান জানানো প্রয়োজন।
অন্যদিকে, TDP-র লোকসভা দলনেতা লাভু শ্রীকৃষ্ণ দেবরায়ালু জানান, অন্ধ্রপ্রদেশে SIR প্রক্রিয়া তাঁদের মতে স্বচ্ছভাবে হয়েছে। তবে নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায়, কোনও প্রশ্ন উঠলে তার যথাযথ ব্যাখ্যা ও স্বচ্ছতা বজায় রাখা প্রতিষ্ঠানটির প্রতি জনআস্থা আরও দৃঢ় করতে পারে।
কমিশন অবশ্য জানিয়েছে, সদস্যদের মধ্যে মতপার্থক্য বা পর্যবেক্ষণ থাকা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার স্বাভাবিক অংশ এবং গত এক বছরে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবেই নেওয়া হয়েছে।