আমুদরিয়া নিউজ: রেল যোগাযোগ ব্যবস্থায় বড় পদক্ষেপ। মহারাষ্ট্রের মুকুটবান ও গাডচান্দুরের মধ্যে ৩৮.২১ কিলোমিটার নতুন রেললাইন তৈরির জন্য ₹৪৯৩ কোটি অনুমোদন করেছে ভারতীয় রেল। ১৮ সেপ্টেম্বর এই প্রকল্পের অনুমোদনের কথা জানানো হয়।
নতুন এই রেলপথটি ইয়াভতমাল ও চন্দ্রপুর জেলার গুরুত্বপূর্ণ শিল্প ও খনি এলাকার সঙ্গে যোগাযোগ আরও উন্নত করবে। এই অঞ্চলে কয়লা খনি, সিমেন্ট কারখানা এবং চুনাপাথরের খনি রয়েছে। নতুন রুট তৈরি হলে পণ্য পরিবহণে সময় ও খরচ কমার পাশাপাশি বিদ্যমান রেলপথের উপর চাপও কমবে।
রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, নতুন লাইনটি চালু হলে বছরে প্রায় ৬.০৮ মিলিয়ন টন পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হবে। পাশাপাশি প্রতিদিন দুই দিকেই দুটি করে MEMU ট্রেন চালানোর সম্ভাবনা রয়েছে। কয়লা, সিমেন্ট, সার, খাদ্যশস্য, লোহা-ইস্পাত-সহ বিভিন্ন পণ্য এই পথে পরিবহণ করা যাবে।
নতুন রেলপথটি Wardha-Manikgarh এবং ব্যস্ত Balharshah-Nagpur রুটের উপর চাপ কমাতেও সাহায্য করবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। ফলে শিল্পাঞ্চলের পাশাপাশি তুলনামূলকভাবে কম-সংযুক্ত এলাকার মানুষের যাতায়াত ও আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন এই রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।