গরুমারায় বন্যপ্রাণ সংরক্ষণে বড় উদ্যোগ, উদ্ধার হওয়া দেহাংশ নষ্ট করবে বন দফতর

আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গের বন্যপ্রাণ সংরক্ষণে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বন দফতর। চোরাশিকার ও পাচারবিরোধী অভিযানে উদ্ধার হওয়া এবং বিভিন্ন কারণে মৃত বন্যপ্রাণীর কাছ থেকে পাওয়া দেহাংশ নিয়ম মেনে নষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় ২৫ বছর পর উত্তরবঙ্গে এই ধরনের বড় পরিসরের উদ্যোগ হতে চলেছে বলে জানা গেছে।

বন দফতর সূত্রে খবর, জলদাপাড়া, গরুমারা ও নেওড়াভ্যালি জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য, বক্সা টাইগার রিজার্ভ, বৈকুণ্ঠপুর ও মহানন্দা বনবিভাগ-সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া সামগ্রী তালিকাভুক্ত করা হচ্ছে। তালিকায় গণ্ডারের শিং ও দাঁত, হরিণের শিং এবং হরিণ ও চিতাবাঘের চামড়ার মতো বিভিন্ন সামগ্রী রয়েছে। মোট প্রায় এক হাজারটি সামগ্রী এই প্রক্রিয়ার আওতায় আসতে পারে।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের আধিকারিকরা ইতিমধ্যেই উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা করে সেগুলির উৎস ও তথ্য নথিভুক্ত করছেন। গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানিয়েছেন, ক্যাটালগ তৈরির কাজ চলছে এবং পরবর্তী পদক্ষেপ তার পরেই নেওয়া হবে।

বন দফতরের মতে, এই উদ্যোগের মূল উদ্দেশ্য চোরাশিকার ও বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেওয়া এবং বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতা বাড়ানো। আগামী ২২ সেপ্টেম্বর জলদাপাড়ায় বিশ্ব গণ্ডার দিবসের অনুষ্ঠানের সঙ্গে এই কর্মসূচি যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *