আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত প্রাথমিক ও উচ্চপ্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ TET আয়োজনের প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। ১১ সেপ্টেম্বর স্কুলশিক্ষা দফতর প্রাথমিক শিক্ষা পর্ষদ ও স্কুল সার্ভিস কমিশনের কাছে চিঠি দিয়ে পরীক্ষার সম্ভাব্য সময় জানতে চেয়েছে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, TET উত্তীর্ণ নন এমন কর্মরত শিক্ষকদের ২০২৮ সালের অগস্টের মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে অবসরের পাঁচ বছর বা তার কম সময় বাকি থাকা শিক্ষকেরা এই নির্দেশের আওতায় থাকবেন না।
রাজ্যে ৯০ হাজারেরও বেশি কর্মরত শিক্ষক TET উত্তীর্ণ নন বলে জানা গিয়েছে। ফলে পরীক্ষা নিয়ে শিক্ষক মহলে উদ্বেগ ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন আগে চাকরিতে যোগ দেওয়া শিক্ষকদের অনেকের বর্তমান নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা নেই। বিষয়টি নিয়ে রাজ্যের কাছে স্পষ্ট নির্দেশিকা দাবি করেছেন শিক্ষক সংগঠনগুলির একাংশ।