আমুদরিয়া নিউজ: কেনিয়ার মানুষের সকালের প্রিয় পানীয় দুধ-চা বা ‘চাই’ (Chai) এখন গভীর সংকটের মুখে। তীব্র খরা এবং গোখাদ্যের দাম প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে দেশটিতে হঠাৎ দুধের উৎপাদন মারাত্মকভাবে মার খেয়েছে। এর ফলে সুপারমার্কেটগুলোর তাক ফাঁকা হয়ে পড়েছে এবং খুচরা বিক্রেতারা মাথাপিছু দুধ কেনার পরিমাণ সীমিত করে দিয়েছেন।
কেনিয়া ডেয়ারি বোর্ডের তথ্য অনুযায়ী, জুন থেকে জুলাইয়ের মধ্যে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে দুধের সরবরাহ ৩.৭ শতাংশ কমেছে এবং আগস্টে তা আরও হ্রাস পেয়েছে। রাজধানী নাইরোবির রেস্তোরাঁ ব্যবসায়ীরা দুধের অভাবে গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না, যার ফলে তাদের বড় ধরণের লোকসান হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে না পারলে প্রতি লিটার দুধের দাম ৭০ থেকে ৮০ কেনিয়ান শিলিংয়ে পৌঁছানোয় কপালে চিন্তার ভাঁজ পড়েছে সাধারণ মানুষের।