আমুদরিয়া নিউজ: সুইজারল্যান্ডের উত্তরাঞ্চলীয় শহর আরাউতে একটি টেকনো রেভ পার্টিতে বন্দুকধারীর গুলিতে ২২ বছর বয়সী এক তরুণী নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে পলাতক বন্দুকধারীকে ধরতে সুইজারল্যান্ডজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে সশস্ত্র পুলিশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ২:৩০ মিনিটের দিকে জুরিখের কাছের শহর আরাউয়ের একটি ঘোড়দৌড় ট্র্যাকে বার্ষিক এই নাচের অনুষ্ঠান চলাকালীন এই গুলির ঘটনা ঘটে। নিহত তরুণী ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।হামলাকারীর পরিচয় ও হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূর পর্যন্ত মহাসড়কগুলোতে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় ৩,৫০০ মানুষের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ছবি এবং ভিডিও ফুটেজ চেয়ে পাঠিয়েছে।