আমুদরিয়া নিউজ: মার্কিন যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের ইগল শহরের একটি কুখ্যাত স্যালুন এবার সম্পূর্ণ বিপরীত এক পরিচিতি পেতে চলেছে। রক্ষণশীল ও সমকামী-বিরোধী প্রচারণার জন্য পরিচিত ‘ওল্ড স্টেট স্যালুন’ নামের এই পানশালাটি কিনে সেটিকে একটি সমকামী (LGBTQ+) বার এবং কমিউনিটি স্পেসে রূপান্তর করার জন্য সম্প্রতি একটি ফান্ডরেজিং ক্যাম্পেইন বা তহবিল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
গত ২০ আগস্ট এই ওল্ড স্টেট স্যালুনটি বিক্রির ঘোষণা করা হয়। এরপরই মন্টগোমারি কুইকেন্ডাল নামের এক ব্যক্তির নেতৃত্বে প্রজেক্টটি কেনার উদ্যোগ নেওয়া হয়। স্যালুন ভবন এবং এর মদের লাইসেন্সসহ পুরো সম্পত্তিটি কিনতে প্রায় ৩০ লক্ষ ডলার তহবিলের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। নতুন এই প্রস্তাবিত স্থানটির নাম দেওয়া হতে পারে ‘নিউ স্টেট স্যালুন’।
এই স্যালুনটির মালিক মার্ক ফিটজপ্যাট্রিক এর আগে ঐতিহ্যবাহী লিঙ্গ পরিচয় এবং হেটেরোসেক্সুয়ালিটি উদযাপনের নামে প্রাইড ইভেন্টের বিকল্প হিসেবে ‘হেটেরো অসাম ফেস্ট’ (Hetero Awesome Fest) আয়োজন করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। এছাড়া অভিবাসন দপ্তরের কাছে তথ্য দিয়ে অবৈধ অভিবাসীদের বহিষ্কারে সাহায্যকারীদের বিনামূল্যে মদ দেওয়ার মতো বিতর্কিত অফারও এনেছিল এই স্যালুন। এখন তহবিল সফল হলে এই বিতর্কিত ইতিহাসকে সম্পূর্ণ বদলে দেওয়ার পরিকল্পনা করছেন নতুন উদ্যোক্তারা।