পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধনাথ গুপ্তার মেয়াদ আরও ছ’মাস বাড়ল

আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে বড় সিদ্ধান্ত। রাজ্য পুলিশের ডিজিপি ও আইজিপি সিদ্ধনাথ গুপ্তার চাকরির মেয়াদ আরও ছ’মাস বাড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি বা ACC। ৩১ অক্টোবর ২০২৬-এ তাঁর বর্তমান বর্ধিত মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে তিনি আরও ছ’মাস রাজ্য পুলিশের শীর্ষ পদে থাকবেন।

১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সিদ্ধনাথ গুপ্তা চলতি বছরের মার্চে পশ্চিমবঙ্গের ডিজিপি পদে দায়িত্ব নেন। বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন তৎকালীন ডিজিপি পীযূষ পাণ্ডেকে সরিয়ে তাঁকে দায়িত্ব দেয়। এরপর এপ্রিল মাসে তাঁর স্বাভাবিক অবসরের সময়সীমার পরও ছ’মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছিল।

এবার দ্বিতীয় দফায় আরও ছ’মাসের মেয়াদ বৃদ্ধি করা হল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবে সম্মতি দিয়েছে ACC। সরকারি সিদ্ধান্তে বলা হয়েছে, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট পরিষেবা-নিয়ম শিথিল করে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

ফলে আপাতত রাজ্য পুলিশের নেতৃত্বে কোনও পরিবর্তন হচ্ছে না। সিদ্ধনাথ গুপ্তাই আগামী ছ’মাস পশ্চিমবঙ্গ পুলিশের ডিজিপি পদে দায়িত্ব পালন করবেন। তাঁর পরবর্তী উত্তরসূরি কে হবেন, সেই প্রশ্নও আপাতত পিছিয়ে গেল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *