আমুদরিয়া নিউজ: খাওয়ার একটি সাধারণ অভ্যাস মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে আমূল পরিবর্তন আনতে পারে। গবেষকদের মতে, একা না খেয়ে অন্যদের সাথে মিলেমিশে খাওয়া বিষণ্নতা (Depression) ও ডিমেনশিয়ার (Dementia) ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। এটি মানুষের আয়ু বাড়াতেও সাহায্য করে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জান-ইমানুয়েল ডি নেভ জানান, একসাথে খাবার ভাগ করে নেওয়া পারস্পরিক বন্ধন ও বিশ্বাস বাড়াতে প্রধান ভূমিকা পালন করে। সম্প্রতি চীনের প্রায় সাড়ে নয় হাজার নারীর ওপর করা এক গবেষণায় দেখা গেছে, টেবিলে একসাথে খাওয়া মানুষের সংখ্যা যত বেশি হয়, বিষণ্নতার ঝুঁকি তত কমে।
জাপানের গবেষকরাও জানিয়েছেন, পরিবারের সাথে থেকেও যারা একা একা খায়, তাদের ডিপ্রেশনের ঝুঁকি অন্যদের চেয়ে পাঁচ গুণ বেশি। আধুনিক জীবনের একাকীত্ব ভুলে খাবার ও বন্ধুত্বের এই প্রাচীন মেলবন্ধন ফিরিয়ে আনলে সুস্থ থাকা সম্ভব।