আমুদরিয়া নিউজ:পেট্রলে ২০ শতাংশ ইথানল মিশ্রণ বা ‘ই২০ পেট্রল’ ব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা নানা জল্পনা ও বিতর্কের পরিষ্কার জবাব দিল কেন্দ্র। লোকসভায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, ই২০ পেট্রল ব্যবহারের কারণে গাড়ির মাইলেজ কমে যাওয়া, ইঞ্জিন নষ্ট হওয়া বা ওয়ারেন্টি না পাওয়ার মতো কোনো সুনির্দিষ্ট অভিযোগ সরকারের কাছে এসেছে কি না। এছাড়া এমন কোনো অভিযোগ পেলে জ্বালানি পরীক্ষা করা বা গ্রাহকদের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা আছে কি না।
প্রশ্নের জবাবে পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ গোপী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জ্বালানির কারণে গাড়ির ইঞ্জিন নষ্ট হওয়া বা পারফরম্যান্স খারাপ হওয়ার কোনো প্রমাণিত অভিযোগ সরকারের কাছে নেই। নীতি আয়োগ, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ পেট্রলিয়াম এবং এআরএআই (ARAI)-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের দীর্ঘ গবেষণা ও ফিল্ড ট্রায়ালের পরই এই কর্মসূচি চালু করা হয়েছে। এটি সম্পূর্ণ নিরাপদ প্রমাণিত হয়েছে।
বর্তমানে দেশের ২০ কোটিরও বেশি দু-চাকার গাড়ি এবং ৩ কোটির বেশি চার চাকার গাড়ি এই ইথানল মিশ্রিত পেট্রলেই চলছে। কিন্তু অতিরিক্ত ক্ষয় বা ইঞ্জিন বিকল হওয়ার কোনো তথ্য নেই এবং গাড়ি প্রস্তুতকারক সংস্থাও স্বাভাবিক নিয়মেই ওয়ারেন্টি বজায় রাখছে।
২০১৪-১৫ সাল থেকে চলা এই কর্মসূচির ফলে ১.৯৭ লক্ষ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে। কৃষকদের হাতে অতিরিক্ত ১.৬৬ লক্ষ কোটি টাকারও বেশি আয় পৌঁছেছে। পাশাপাশি ৯৫২ লক্ষ মেট্রিক টন কার্বন নির্গমন রোধ করা সম্ভব হয়েছে। জ্বালানি নিয়ে কোনো সমস্যা বা অভিযোগ থাকলে গ্রাহকরা টোল-ফ্রি নম্বর, মোবাইল অ্যাপ বা কেন্দ্রীয় সরকারের ‘CPGRAMS’ পোর্টালে তা জানাতে পারেন।