আমুদরিয়া নিউজ : প্রায় ৬৩০ বছরের ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড় দেখা গেল মন্দিরে। সোমবার ভোরে নিত্যপূজা শেষ হওয়ার পর প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে নির্দিষ্ট স্নানমঞ্চে আনা হয়। সেখানে ভক্তদের উপস্থিতিতে ২৮ গড়া গঙ্গাজল এবং দেড় মন দুধ দিয়ে মহাসমারোহে স্নান করানো হয় তিন বিগ্রহকে। প্রাচীন রীতি অনুযায়ী, স্নানের পর বিগ্রহগুলিকে মূল মন্দিরের বাইরে রাখা হবে। সন্ধ্যায় গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর ‘প্রভুর জ্বর’ শুরু হয়েছে বলে বিশ্বাস করা হয়। সেই সময় কবিরাজের চিকিৎসা চলবে এবং ভক্তদের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকবে। ১৪ দিন পর মন্দির খুলে শুরু হবে নবযৌবন উৎসব। তার দু’দিন পরে, আগামী ১৬ জুলাই পালিত হবে রথযাত্রা। এদিন শতাব্দীপ্রাচীন এই স্নানযাত্রা উৎসবের সাক্ষী হতে পেরে ভক্তদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ও আনন্দ।