নবদ্বীপে মা পোড়ামার মহোৎসব, ১০৮ কলসি গঙ্গাজলে জলাভিষেকে ভক্তদের ঢল

আমুদরিয়া নিউজ : জগন্নাথদেবের স্নানযাত্রার দিনেই নবদ্বীপে পালিত হল অধিষ্ঠাত্রী দেবী বিদগ্ধ জননী মা পোড়ামার বাৎসরিক মহোৎসব। সোমবার ভোর থেকেই পোড়ামাতলা এলাকায় ভক্তদের ঢল নামে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, কীর্তন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিশেষ পূজা এবং ১০৮ কলসি গঙ্গাজলে জলাভিষেক। প্রথা অনুযায়ী, গঙ্গা থেকে সংগ্রহ করা ১০৮টি কলসির পবিত্র জল শোভাযাত্রার মাধ্যমে এনে প্রাচীন বটবৃক্ষের গোড়ায় নিবেদন করা হয়। নবদ্বীপ, নদিয়ার বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী জেলা থেকে বহু ভক্ত অনুষ্ঠানে যোগ দেন। জনশ্রুতি অনুযায়ী, শাস্ত্রচর্চার আগে পণ্ডিতরা মা পোড়ামার আশীর্বাদ নিতেন বলেই তিনি ‘বিদগ্ধ জননী’ নামে পরিচিত। এখানে কোনও পূর্ণাঙ্গ দেবীমূর্তি নেই; ঘট প্রতিষ্ঠার মাধ্যমেই আরাধনা হয়। স্থানীয় বিশ্বাস, অগ্নিদগ্ধ বটবৃক্ষ পুনর্জীবিত হওয়ার স্মৃতিতেই দেবীর নাম ‘পোড়ামা’। একই দিনে স্নানযাত্রা উপলক্ষে শহরের বিভিন্ন মন্দিরে পূজা, আরতি, প্রসাদ বিতরণ ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করা হয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *