আমুদরিয়া নিউজ : খড়্গপুরের পর এবার কোচবিহারে আইআইটি গড়ে তোলার ইঙ্গিত দিলেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু। রবিবার সাংবাদিকদের তিনি জানান, উত্তরবঙ্গের শিক্ষাক্ষেত্রের পরিকাঠামো উন্নয়নে তাঁর একাধিক পরিকল্পনা রয়েছে। কোচবিহারের সার্বিক ও বহুমুখী উন্নয়নকে সামনে রেখে ইতিমধ্যেই কলকাতা ও দিল্লির সংশ্লিষ্ট প্রশাসনিক এবং রাজনৈতিক মহলের সঙ্গে প্রাথমিক স্তরে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। স্পিকারের কথায়, শুধু আইআইটি নয়, ভবিষ্যতে কোচবিহারের জন্য আরও কয়েকটি বড় প্রকল্পের ভাবনাও রয়েছে। যদিও সেই পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি। তাঁর আশা, পরিকল্পনাগুলি বাস্তবায়িত হলে জেলার শিক্ষা, কর্মসংস্থান ও পরিকাঠামো উন্নয়নে নতুন দিগন্ত খুলবে। তবে আইআইটি কোচবিহারের কোথায় হবে, কবে কাজ শুরু হবে বা প্রকল্পের রূপরেখা কী— সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রথীন্দ্রনাথ জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কেন্দ্র ও রাজ্যের মধ্যে বিস্তারিত আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।