আমুদরিয়া নিউজ: ভোটের আগে জমে উঠছে বাংলার রাজনৈতিক ময়দান। বিজেপি-তৃণমূলের চার্জশিট, পাল্টা চার্জশিটের লড়াই শেষ হতে না হতেই ফের শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার জন্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হলো পদ্মশিবির। তাঁদের অভিযোগ, তৃণমূল নেত্রী মানুষকে ভয় দেখাচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। অবিলম্বে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সোমবার দিল্লিতে কমিশনের দপ্তরে গেলেন বিজেপির সুকান্ত মজুমদার, কিরেন রিজিজু এবং পীযূষ গোয়লের মতো একাধিক কেন্দ্রীয় নেতা।
মোট ছ’দফা দাবি তাঁরা কমিশনের কাছে জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। মমতার নির্বাচনী প্রচার বন্ধ করা তার মধ্যে অন্যতম বলে খবর। সুকান্তের দাবি, প্রচারে গিয়ে মমতা প্রতিনিয়ত বলছেন, ‘ইলেকশন কমিশন তো ক’দিনের জন্য, আমরাই থাকব। তারপর বাড়িতে প্ল্যাকার্ড ঝুলিয়ে রাখতে হবে যে, আমরা বিজেপি করি না।’ বালুরঘাটের সাংসদের অভিযোগ, হারের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরণের কথা বলছেন, বাংলার মানুষকে ভয় পাওয়ানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। তাঁদের দাবি, বিজেপি ভয় পেয়েই এমন অভিযোগ করছে। তৃণমূল নেতাদের মতে, ভোটের আগেই বিজেপি নিজেদের পরাজয় বুঝতে পেরে এই ধরনের পদক্ষেপ নিচ্ছে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারের বক্তব্য, একদিকে প্রধানমন্ত্রী, অন্যদিকে অমিত শাহ, সবাইকে নিয়ে এসেও বিজেপি বুঝতে পারছে কজের কাজ কিছুই হচ্ছে না। তাই কমিশনকে ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার আটকানোর চেষ্টা করছে।
সব মিলিয়ে, ভোটের আগে দুই রাজনৈতিক দলের মধ্যে এই বাকযুদ্ধ বাংলার রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।