আমুদরিয়া নিউজ: পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের নিখোঁজ রহস্য দিন দিন আরও জটিল হয়ে উঠছে। তিন সপ্তাহ কেটে গেলেও পুলিশি তদন্তে এখনও কোনও উল্লেখযোগ্য সূত্র মেলেনি। এদিকে স্বামীর খোঁজে মরিয়া স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় নতুন উদ্যোগ নিয়েছেন—সংবাদপত্রে উৎসবের ছবি-সহ নিখোঁজ বিজ্ঞাপন দিয়েছেন, যাতে সাধারণ মানুষের কাছ থেকে কোনও তথ্য পাওয়া যায়।
মৌপিয়া বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই উৎসব এক ভয়াবহ সাইবার হামলার শিকার ছিলেন। অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী তাঁর ফেসবুক প্রোফাইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং তিনি কোনও পোস্ট করলেই অসংখ্য ভুয়ো অ্যাকাউন্ট থেকে কুরুচিকর মন্তব্য আসত। সেগুলো মুছতে গেলে আরও বাড়ত। এ নিয়ে সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো হলেও তখন কোনও সমাধান মেলেনি। এই দীর্ঘদিনের আতঙ্কই কি শেষ পর্যন্ত তাঁকে নিরুদ্দেশ হতে বাধ্য করল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনও রহস্য—সেই প্রশ্নই এখন সামনে আসছে।