আমুদরিয়া নিউজ: LPG সংকটের মাঝে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ২১ টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে রান্না ও জ্বালানির জন্য কেরোসিন সরবরাহ করা হবে। বাড়ি বাড়ি যাতে কেরোসিন পৌঁছায় কোনরকম সংকট না দেখা দেয়, তার জন্য সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের নিয়মে ছাড় দেয়া হল। জানা গিয়েছে, প্রতি জেলায় সর্বোচ্চ দুইটি পাম্পে কেরোসিন সংরক্ষণের অনুমতি দিয়েছে কেন্দ্র। পাবলিক সেক্টর অয়েল কোম্পানিগুলি এবার রিটেল চ্যানেলের মাধ্যমে কেরোসিন ডিস্ট্রিবিউট করতে পারবে।
আগামী ৬০ দিন পর্যন্ত পেট্রোল পাম্পে কেরোসিন পাওয়া যাবে বলেই জানা গিয়েছে এবং ডিলারদের এই কেরোসিন বিতরণের জন্য আলাদা কোন লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই। আরো জানানো হয়েছে, গৃহস্থের বাড়িতে ব্যবহারের জন্য প্রতিটি রিটেল স্টেশনে ২৫০০ লিটার কেরোসিন সংগ্রহ করে রাখা যাবে। কেন্দ্রের তরফ থেকে ঘোষণা হয়েছে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার পেট্রোলিয়াম অ্যাক্ট ১৯৩৪ ও ২০০২ -র অধীনে সুরক্ষা ও লাইসেন্স এর নিয়মে ছাড় দিতে পারে।