আমুদরিয়া নিউজ : ভোটের আগে সমাজমাধ্যম ব্যবহার করে ভুয়ো প্রচার করেন অনেকেই, যার ফলে সাধারণ মানুষ অনেকসময়ই বিভ্রান্ত হয়। আর এই ভুয়ো প্রচার বন্ধ করতেই এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।
শুক্রবার এক বিবৃতি জারি করে কমিশন জানিয়েছে, মনোনয়নপত্রে নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিটেইল দিতে হবে প্রার্থীদের। সেখানে পরিষ্কারভাবে জানাতে হবে, সোশ্যাল মিডিয়ায় কার কতগুলি অ্যাকাউন্ট রয়েছে।
শুধু তাই নয়, রাজনৈতিক দলগুলির প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনেও লাগাম টানা হচ্ছে। কমিশনের নির্দেশ, বিজ্ঞাপন দেওয়ার জন্য আগে সংশ্লিষ্ট কমিটির কাছ থেকে অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া সমাজমাধ্যম বা ইন্টারনেটের কোথাও বিজ্ঞাপন দিলে তা নিয়মভঙ্গ হিসাবে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।