আমুদরিয়া নিউজ : শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও নেটফ্লিক্সের বিরুদ্ধে সমীর ওয়াংখেড়ে করা মামলা খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, এই মামলার শুনানির এলাকাভিত্তিক অধিকার দিল্লি হাইকোর্টের নেই। নেটফ্লিক্স সিরিজ ‘Ba*ds of Bollywood’-এর কিছু দৃশ্য মানহানিকর দাবি করে সেগুলি সরানোর আবেদন জানিয়েছিলেন প্রাক্তন এনসিবি আধিকারিক ওয়াংখেড়ে। তাঁর অভিযোগ ছিল, সিরিজের একটি চরিত্রের সঙ্গে তাঁর চেহারা ও আচরণের মিল রয়েছে। তবে রেড চিলিজ ও নেটফ্লিক্সের দাবি, সিরিজটি সম্পূর্ণ কাল্পনিক ও ব্যঙ্গধর্মী। যেহেতু ওয়াংখেড়ে ও রেড চিলিজ—দু’পক্ষই মুম্বইয়ে অবস্থান করে, তাই মামলাটি দিল্লিতে নয়, মুম্বইতেই দায়ের করা উচিত ছিল। সেই যুক্তিতেই মামলা খারিজের নির্দেশ দেয় আদালত।