আমুদরিয়া নিউজ : গত বছরের ২৩ জুন কালীগঞ্জের মোলান্দি গ্রামে বোমার আঘাতে ৯ বছরের তামান্না খাতুনের মৃত্যু হয়। দীর্ঘদিন পরও বিচার না পাওয়ায় তাঁর পরিবার হতাশ ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় বিষয়টি তুলে ধরে তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে সুবিচারের আশ্বাস দেন।
এর পর পুলিশ তৎপর হয়ে তামান্না হত্যা মামলায় আরও ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে ধৃতদের তালিকা প্রকাশ করে জানান, তামান্নার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে।
ঘটনার পর তামান্নার মা ২৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। প্রথম দফায় ১১ জন গ্রেফতার হলেও বাকিরা পলাতক ছিল। অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ দল বাংলা ছাড়াও গুরগাঁও ও নাগপুরে অভিযান চালায়। বর্তমানে অধিকাংশ অভিযুক্ত পুলিশের জালে আসায় পরিবার ও স্থানীয়দের মধ্যে বিচার পাওয়ার আশা তৈরি হয়েছে।