মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন, সাতসকালে হাড়হিম কাণ্ড কলকাতায়

আমুদরিয়া নিউজ : মেয়ের সামনেই স্ত্রীকে কুপিয়ে খুন করলেন এক ব্যক্তি। রবিবার কলকাতার কসবায় এই হাড়হিম করা কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত বিনোদ সিং প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন এবং স্ত্রী স্বপ্না সিংহের (৪২) কাছে টাকা চাইতেন। টাকা না দিলে তাকে মারধর করতেন বলেও খবর। শনিবার রাতেও স্ত্রীর কাছে টাকা দাবি করে ওই ব্যক্তি। টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। কিছুক্ষণ পর ক্ষোভে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।

ভোরের দিকে বাড়ি ফিরে এলে মেয়ে দরজা খুলে দেয়। সেই সময় ঘরে ঘুমন্ত স্ত্রীকে দেখেই আচমকা তাঁর উপর ছুরি দিয়ে আঘাত করতে থাকে বিনোদ। মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং রক্তাক্ত অবস্থায় স্বপ্নাকে হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত বিনোদ সিংকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক অশান্তির জেরেই এই খুন বলেই তাদের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *