আমুদরিয়া নিউজ: বিশ্বকর্মা পুজোর পরের সকাল। বর্ষার মেঘ যেন আজ একটু দূরে সরে দাঁড়িয়েছে। আকাশের বুক জুড়ে ঝলমলে রোদ, বাতাসে ভেজা মাটির গন্ধ আর চারপাশে এক অদ্ভুত স্বচ্ছতা—মনে হচ্ছে, বর্ষার দীর্ঘ অধ্যায় পেরিয়ে শরৎ বুঝি দরজায় এসে কড়া নাড়ছে। কাশফুলের সাদা মেঘ এখনও সর্বত্র দেখা না গেলেও, প্রকৃতির আচরণে যেন তার আগমনী সুর।
শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গে আজ সকালের রোদ বেশ উজ্জ্বল। গত কয়েক দিনের বৃষ্টিভেজা আবহের পর সূর্যের দেখা মেলায় স্বস্তি ফিরেছে জনজীবনে। তবে এই রোদকে বর্ষার সম্পূর্ণ বিদায় বলে ধরে নেওয়ার মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শিলিগুড়িতে আজও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২০.৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬°C, কালিম্পং-এর সর্বোচ্চ তাপমাত্রা ২৩°C এবং সর্বনিম্ন ২২°C, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৯°C এবং সর্বনিম্ন ২৩.৭°C, শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২°C এবং সর্বনিম্ন ২৫.৩°C, কোচবিহারের সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২°C এবং সর্বনিম্ন ২৩.৬°C, মালদার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩°C এবং সর্বনিম্ন ২৬.৫°C থাকতে পারে বলে জানা গেছে।
অর্থাৎ, সকালের আকাশ যতই শরতের মতো নীল হোক, উত্তরবঙ্গের আবহাওয়ার মেজাজ এখনও কিছুটা খামখেয়ালি—কখনও রোদ, কখনও মেঘ, আবার আচমকাই নামতে পারে এক পশলা বৃষ্টি।
দক্ষিণবঙ্গেও বর্ষার রেশ পুরোপুরি কাটেনি। কলকাতা-সহ একাধিক জেলায় আজ থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°C এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬°C, হাওড়া ও হুগলির সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৪°C, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫°C এবং সর্বনিম্ন ২৭.৫°C, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫°C এবং সর্বনিম্ন ২৬°C, বাঁকুড়া ও বিষ্ণুপুরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৬°C এবং সর্বনিম্ন ২৬.৬°C, পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৩°C এবং সর্বনিম্ন ২৫.৪°C, পূর্ব ও পশ্চিম বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৪°C এবং সর্বনিম্ন ২৬.১°C, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭°C এবং সর্বনিম্ন ২৫.৫°C, নদীয়ার ও মুর্শিদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩°C এবং সর্বনিম্ন ২৬°C থাকবা বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তাই উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও শরতের আগমন যেন এখনও একেবারে নিশ্চিত ঘোষণা নয়—বরং বর্ষা আর শরতের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পরিবর্তনের সময়।
তবু আজকের রোদটা আলাদা। গত কয়েক দিনের বৃষ্টির পর জানালায় এসে পড়া এই উজ্জ্বল আলো যেন প্রকৃতির নিজের হাতে লেখা একটি ছোট্ট চিঠি—“বর্ষা এখনও আছে, তবে শরৎও আর খুব দূরে নয়।” আকাশে মেঘ ফিরতে পারে, বৃষ্টিও নামতে পারে। কিন্তু আজকের ঝলমলে রোদে বাংলার প্রকৃতি যেন আগাম শুনিয়ে গেল শরতের আগমনী গান।