নিষেধাজ্ঞা অমান্য করে যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ, আটক দুই নেতা

আমুদরিয়া নিউজ: যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করার নির্দেশিকা জারির পরদিন অর্থাৎ মঙ্গলবার তা অমান্য করে বিক্ষোভ দেখাল ককরোচ জনতা পার্টি। মঙ্গলবার সকালে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন দলের দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। তাঁদের সঙ্গে ছিলেন বেশ কয়েকজন দলীয় কর্মী-সমর্থক। পরে তাঁদের আটক করে দিল্লি পুলিশ।

হাতে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভকারীরা ‘ভারত মাতা কি জয়’ ও ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পুলিশ তাঁদের বাধা দিতে গেলে কিছুক্ষণের জন্য ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। এরপর বিক্ষোভকারীদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

উল্লেখ্য, সোমবার দিল্লি পুলিশ বিজ্ঞপ্তি জারি করে যন্তর মন্তরে সমস্ত ধরনের প্রতিবাদ ও রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য বিকল্প হিসেবে রামলীলা ময়দান, বুরারি ময়দান এবং পূর্ব দিল্লির সিবিডি গ্রাউন্ডকে নির্ধারণ করা হয়েছে। এর আগে যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি চেয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় আবেদন জানিয়েছিল সিজেপি নেতৃত্ব। তবে সেই আবেদন মঞ্জুর হয়নি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *