আমুদরিয়া নিউজ: গুজরাটের এক বাসিন্দার কাছ থেকে ১১.৪২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে সিবিআই। তদন্তকারীদের দাবি, অভিযুক্তরা পুলিশ ও টেলিকম নিয়ন্ত্রক সংস্থার আধিকারিক সেজে ওই ব্যক্তিকে প্রায় তিন মাস ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর নামে ভয় দেখিয়ে টাকা দিতে বাধ্য করেছিল। অপারেশন চক্র-৬-এর আওতায় ১০টি রাজ্যের ২২টি জায়গায় তল্লাশি চালিয়ে হিমাংশু প্রসাদ ও ইউনিস বিসওয়াসকে গ্রেফতার করা হয়। সিবিআইয়ের দাবি, প্রতারণার টাকা থেকে প্রায় ২.৫ কোটি টাকা একটি সংস্থার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোরানো হয়েছিল। অভিযুক্তদের কাছ থেকে ব্যাংক সংক্রান্ত নথি ও ডিজিটাল ডিভাইসও উদ্ধার করা হয়েছে।
সিবিআই জানিয়েছে, এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। গত এক মাসে চারটি ‘ডিজিটাল অ্যারেস্ট’ মামলায় ২২টি রাজ্যের ১৪২টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।