বিশ্বের সবচেয়ে বড় বইমেলা শুরু আজ! ফ্রাঙ্কফুর্টে ৩,৫০০-র বেশি সাহিত্য অনুষ্ঠান, সম্মানীয় অতিথি চেকিয়া

আমুদরিয়া নিউজ: বইপ্রেমীদের নজর এখন জার্মানির ফ্রাঙ্কফুর্টে। বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক বইমেলা ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ার শুরু হচ্ছে আজ, ৭ অক্টোবর। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। ৭৮তম এই বইমেলায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রকাশক, লেখক, সাহিত্যিক, সাংবাদিক এবং বইপ্রেমীদের সমাগম ঘটছে। এবারের মেলায় ৩,৫০০-রও বেশি অনুষ্ঠান রয়েছে। সাহিত্য, কবিতা, উপন্যাস, নন-ফিকশন, কমিকস, শিশু-কিশোর সাহিত্য থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রকাশনা জগতের নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে আলোচনায়।

এবারের মেলার সম্মানীয় অতিথি দেশ চেকিয়া। ‘A Country on the Coast’ বা ‘সমুদ্রতটে এক দেশ’—এই ভাবনাকে সামনে রেখে নিজেদের সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরছে দেশটি। চেকিয়ার পক্ষ থেকে প্রায় ৭৫ জন লেখক মেলায় অংশ নিচ্ছেন। পাশাপাশি চেক সাহিত্যকে ঘিরে ১০০-রও বেশি সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চেকিয়ার জন্য তৈরি হয়েছে প্রায় ২,৩০০ বর্গমিটারের প্যাভিলিয়ন। সেখানে সাহিত্য, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধনে দর্শকদের সামনে তুলে ধরা হচ্ছে চেক সংস্কৃতি ও সাহিত্যকে।

ফ্রাঙ্কফুর্ট বুক ফেয়ারকে ঘিরে এবারও বিশ্বের বিভিন্ন দেশের সাহিত্যিকদের উপস্থিতি এবং একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি করেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *