RSS প্রধান মোহন ভাগবতকে চিঠি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর

RSS প্রধান মোহন ভাগবতকে চিঠি কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রশ্ন, আরএসএস কেন রেজিস্ট্রেশন করাবে না? কেন আয়-ব্যয়ের হিসেব দেবে না? কোটি কোটি টাকা কারা দিচ্ছে কেন জানাবে না? কি জবাব দিলেন আরএসএস প্রধান?

আমুদরিয়া নিউজ : রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ সংক্ষেপে আর এস এস কেন সংগঠন হিসেবে নিজেদের রেজিস্ট্রেশন করায়নি, কেন আয়-ব্যয়ের হিসেব দাখিল করবে না, কোটি কোটি টাকার উৎস কি সেই নথি কেন সরকারকে জানাবে না, এই প্রশ্ন তুললেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গে। শুধু তাই নয়, প্রিয়ঙ্গ খড়্গে আর এস এস-এর শতবর্ষ উপলক্ষে আরএসএস প্রধান মোহন ভাগবতকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।
সেই চিঠিতে আরএসএস-এর শতবর্ষ পূর্তির জন্য অভিনন্দন জানিয়েছেন। তার পরেই তিনি আর এস এস-এর আইনি বৈধতা ও রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর প্রশ্ন হল, আরএসএস কেন কোনও আনুষ্ঠানিক আইনি সত্তা বা ‘বডি অফ ইন্ডিভিজুয়ালস’ (Body of Individuals) হিসেবে নিজেদের রেজিস্ট্রেশন করায় না?
তাঁর দ্বিতীয় প্রশ্ন, হিসেব ও স্বচ্ছতা নিয়ে। সেটা হল, সাধারণ এনজিও, ট্রাস্ট বা কোম্পানিকে যেখানে নিয়ম মেনে সব হিসেব দাখিল করতে হয়, সেখানে আরএসএসের তহবিলে আসা কোটি কোটি টাকার উৎস কী এবং কে বা কারা অর্থ দান করেন?
তিনি তৃতীয় প্রশ্ন তুলেছেন আয়কর দেওয়া নিয়ে। তাঁর প্রশ্ন, ভারতের সংবিধান মেনে অন্যান্য নাগরিক ও সংগঠনের মতো আরএসএস কেন আয়কর দেয় না?
এই সমস্ত প্রশ্নের জবাবে আরএসএস প্রধান মোহন ভাগবত যুক্তি দিয়েছেন, আরএসএস কোনো সরকারি অনুদান গ্রহণ করে না এবং তাদের কোনো লুকোচুরি নেই। তাঁর দাবি, আরএসএস প্রকাশ্যে কাজ করে বলে রেজিস্ট্রেশনের কোনো প্রয়োজন নেই। আর এস এস প্রধান জানান, আরএসএস গত ১০০ বছর ধরে ভারতে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং এর আগে কোনও কর্তৃপক্ষ কখনও সংগঠনটির নিবন্ধন নিয়ে প্রশ্ন তোলেনি।
আর এস এস প্রধানের দাবি, কর্ণাটক সরকারের এই দাবি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজ্য সরকার সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে এ ধরনের প্রশ্ন তুলছে বলে তাঁর সন্দেহ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *