প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা

আমুদরিয়া নিউজ: ৬৬ বছর বয়সে প্রয়াত হলেন নদিয়ার তেহট্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক তাপস সাহা। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। বুধবার তাঁকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতালে, পরে কলকাতায় বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয়েছে তাঁর।  ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ছিলেন তাপস সাহা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তাপসকে তেহট্টের প্রার্থী করে রাজ্যের শাসকদল। জয়ী হন তিনি। নদিয়ার দু’টি বিধানসভা কেন্দ্র থেকে জিতে টানা দু’বার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তাপস। এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়ায় তাঁর। বাড়িতে সিবিআইও হানা দেয়। তল্লাশি চালানোর পর তাঁর কণ্ঠস্বরও সংগ্রহ করেছিল তদন্তকারীরা। এরই মাঝে অসুস্থ হয়ে প্রয়াত হলেন তিনি।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘নদিয়ার তেহট্টের বিধায়ক, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য, শ্রী তাপস সাহার অকালমৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আমার অনেক দিনের পুরাতন সহকর্মী ছিলেন। তাঁর এই মৃত্যু জেলা তথা বাংলার রাজনীতিতে অপূরণীয় ক্ষতি। আমি তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অগণিত সমর্থককে আমার আন্তরিক সমবেদনা জানাই।’’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *