আমুদরিয়া নিউজ: তামিলনাড়ুর থেনি জেলার সংশোধনাগারে অসুস্থতার নাটক করে নিরাপত্তারক্ষীদের কাবু করে পালালেন ১৭ জন সাজাপ্রাপ্ত বন্দি। সোমবারের এই ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি চারজনের খোঁজে চলছে তল্লাশি।
পুলিশ সূত্রে খবর, জেলের তিন নম্বর ব্লকের এক বন্দি মৃগীরোগে আক্রান্ত হওয়ার ভান করেন। তাঁকে সাহায্য করতে রক্ষীরা সেলে ঢুকতেই অন্য বন্দিরা তাঁদের উপর হামলা চালিয়ে পালিয়ে যান। পলাতক বন্দিদের বিরুদ্ধে খুন, ডাকাতি, মাদক পাচার ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
ঘটনার পর জেলের নিরাপত্তা খতিয়ে দেখতে উচ্চপদস্থ আধিকারিকেরা সংশোধনাগার পরিদর্শন করেন। নিরাপত্তার গাফিলতির অভিযোগে দুই ওয়ার্ডেন-সহ মোট ন’জন কারাকর্মীকে বরখাস্ত করা হয়েছে। পালানো বাকি চার বন্দিকে ধরতে বিশেষ দল গঠন করেছে পুলিশ।
Total Views:
0