অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্য! জামিন পেলেন আশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গ্রেপ্তার হওয়া আশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলি খান মাহমুদাবাদকে বুধবার অন্তর্বর্তী জামিন দিল সুপ্রিম কোর্ট। হরিয়ানার সোনিপতের অশোক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ওই অধ্যাপক সম্প্রতি ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছিলেন। ওই পোস্টের জন্য তাঁর বিরুদ্ধে দু’টি এফআইআর রুজু হয় হরিয়ানায়। গ্রেফতারও হন অধ্যাপক। ওই গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। বুধবার শীর্ষ আদালত ওই মামলায় অধ্যাপকের শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। তবে আলিকে অন্তর্বর্তী জামিন দিলেও তাঁর বিরুদ্ধে এফআইআরে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত। তদন্ত চালিয়ে যেতে ২৪ ঘণ্টার মধ্যে হরিয়ানা পুলিশকে একটি সিট গঠনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। বুধবার মামলার শুনানি চলাকালীন বিচারপতি সূর্য কান্ত এবং এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ অধ্যাপককে সতর্কও করে বলে, “বাকস্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার সবার রয়েছে। কিন্তু এখন কি এই সব নিয়ে কথা বলার সময়? একদল দানব এসে আমাদের দেশের নাগরিকদের আক্রমণ করেছে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সেখানে এত সস্তার প্রচারের লোভ কেন?”

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *