ডিএ দাবিতে ধর্মঘট, খাদ্যভবনে গোলাপ হাতে আন্দোলনকারীরা

আমুদরিয়া নিউজ :  ধর্মঘট হলেই অফিস বা রাস্তা আটকে বাদানুবাদ কিংবা ধস্তাধস্তির দৃশ্য তো প্রায়ই দেখা যায়, কিন্তু শুক্রবার এর উল্টো চিত্রই ধরা পড়ল কলকাতায়। বকেয়া মহার্ঘ ভাতা (DA) এবং স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা রাজ্যব্যাপী ধর্মঘটে এদিন সকাল থেকেই সরগরম তিলোত্তমা। ধর্মঘটের সমর্থনে কলকাতার বিভিন্ন সরকারি দপ্তরের সামনে পিকেটিং চললেও, খাদ্যভবনের সামনে ধরা পড়ল এক বেনজির চিত্র। ধর্মঘট সফল করতে এদিন এক অভিনব ‘গান্ধীগিরি’র পথ বেছে নিলেন আন্দোলনকারীরা। দপ্তরে কাজ করতে আসা সরকারি কর্মচারীদের হাতে তাঁরা তুলে দিলেন গোলাপ ফুল।

মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের উদাসীনতার বিরুদ্ধে তাঁদের এই দীর্ঘ লড়াই। আজ সারা রাজ্যেই তাঁরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছেন। গোলাপ ফুল দেওয়ার মাধ্যমে মূলত কর্মীদের বিবেককে জাগিয়ে তুলতে চাইছেন বলে দাবি করেছেন তারা। তাদের মতে, লড়াইটা যৌথ, তাই ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে সরকারি কর্মীদের এই আন্দোলনে শামিল হওয়া উচিত।

এদিন সকাল থেকেই খাদ্যভবনের মূল গেটের সামনে ধর্মঘট সফল করার আহ্বানে বিভিন্ন স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একের পর এক সরকারি গাড়ি যখন দপ্তরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখনই তাদেরর পথ আটকে দেন বিক্ষোভকারীরা। তবে কোনো রকম গোলমাল বা বিশৃঙ্খলা নয়, বরং অত্যন্ত সংযতভাবে ধর্মঘটিদের পক্ষ থেকে এদিনের কর্মবিরতিকে সফল করার জন্য আবেদন জানানো হয়।হাতে গোলাপ ফুল নিয়ে আন্দোলনকারীরা কর্মীদের কাছে গিয়ে দাবি তোলেন—“আজকের লড়াই আপনারও, তাই ধর্মঘট সমর্থন করে আমাদের পাশে দাঁড়ান।” আন্দোলনকারীদের পক্ষ থেকে   তাদের কর্মবিরতি পালনের জন্যও অনুরোধ করা হয়।

যদিও এই বাধার মুখে অনেক আধিকারিক ও কর্মীকে পুলিশের হস্তক্ষেপে দপ্তরে প্রবেশ করতে দেখা যায়।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *