আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির পাতিকলোনি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় নদীতে ডুবে মৃত্যু হয়েছে ৬ বছরের ঋষভ ও তার ১২ বছরের দিদি রিয়ার। সাত মাস আগে তাদের মায়ের মৃত্যু হয়েছিল। বাবা কাজের কারণে বাড়ির বাইরে থাকায় দিদিই ছোট ভাইয়ের দেখাশোনার বড় ভরসা ছিল।
শনিবার দিদার বাড়ি যাওয়ার পথে পঞ্চনই নদীর চরে পা ধুতে গিয়ে ঋষভ পা পিছলে নদীতে পড়ে যায়। ভাইকে বাঁচাতে দিদি রিয়া নদীতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু প্রবল স্রোতে দুজনেই ভেসে যায়। পরে কিছুটা দূর থেকে উদ্ধার হয় তাদের নিথর দেহ।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গত কয়েক দিনের বৃষ্টির কারণে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্রোত বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।