শান্তিপুরে চাঞ্চল্য, আমবাগান থেকে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ

আমুদরিয়া নিউজ: নদীয়া জেলার শান্তিপুর পুরসভা এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের নতুন পাড়ায় এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ৩২ বছর বয়সী মৃত ওই যুবকের নাম সুজয় হালদার। পরিবারের অভিযোগ, দ্বিতীয় স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় মানসিক যন্ত্রণা সহ্য না করতে পেরেই আত্মহত্যা করেছেন তিনি।

মৃতের দাদা অসিত হালদারের বক্তব্য, ‘‘প্রথম স্ত্রীকে ছেড়ে দ্বিতীয় বার বিয়ে করেছিল ভাই। কিন্তু এখন দ্বিতীয় স্ত্রীও ওকে ছেড়ে চলে যেতে চাইছিল। দীর্ঘদিন ধরেই এই টানাপোড়েনে ও মানসিক অবসাদে ভুগছিল সে। আমাদের ধারণা, ও বিচ্ছেদের কথা ভেবেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ওর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’’

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর আটেক আগে সুজয় নিজেই পছন্দ করে এক মহিলাকে  বিয়ে করেন। কিন্তু এই বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের কিছুদিন পরেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০২৩ সালে তিনি ওই মহিলাকে বিয়ে করেন। কিন্তু তাঁদের দাম্পত্যে ভাঙন ধরে মাস চারেক আগে। স্থানীয়দের একাংশের দাবি, সুজয়ের দ্বিতীয় স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সে জন্য তিনি ওই সিভিককে ছেড়ে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু সুজয় কোনও ভাবেই স্ত্রীকে ছাড়তে রাজি ছিলেন না।

এই পারিবারিক বিবাদ মেটাতে দিনদুয়েক আগে স্থানীয় একটি ক্লাবে সালিশি সভাও বসে। আর সেখানেই সুজয়ের দ্বিতীয় স্ত্রী সাফ জানিয়ে দেন, তিনি আর স্বামীর সংসারে ফিরবেন না। স্ত্রীকে বার বার বুঝিয়েও কোনো লাভ হয় না। সভা থেকে থেকে বেরিয়ে যান সুজয়। তার পর থেকেই তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার সকালে স্থানীয় তাঁকে স্থানীয় একটি আমবাগানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *