জাতিগত নির্যাতনের অভিযোগ, ন্যায় না পেয়ে আত্মহত্যার হুমকি দিল দলিত পরিবার

আমুদরিয়া নিউজ : পুলিশের কাছে অভিযোগ করেও মেলেনি সুবিচার। জাতিগত কটূক্তি ও হামলার শিকার হয়ে এবার আত্মহত্যার হুমকি দিল উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় এক দলিত পরিবার। অভিযোগ, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে প্রভাবশালী একটি পরিবারের লোকজনের হামলার শিকার হন ওই পরিবারের সদস্যরা। ঘটনার পরেও পুলিশ এফআইআর নথিভুক্ত না করায় শেষপর্যন্ত আত্মহত্যার হুমকি দিয়েছেন তারা।

পরিবারের দাবি, গত ১০ মার্চ বিয়ের অনুষ্ঠানের সময় প্রায় ৪০ জনের একটি দল তাদের অপহরণ করে একটি ঘরে আটকে রেখে মারধর করে। হামলাকারীরা জাতিগত কটূক্তি করে এবং পরিবারের এক মহিলাকে চুল ধরে টেনে হেনস্থা করা হয় বলেও অভিযোগ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে দাবি পরিবারের।

রবিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে পরিবারটি জানায়, ২৪ ঘণ্টার মধ্যে এফআইআর নথিভুক্ত না হলে তারা আত্মহত্যার পথ বেছে নেবে। ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং দ্রুত পদক্ষেপের দাবি উঠেছে।

এদিকে ভীম আর্মির নেতারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তাঁদের অভিযোগ, টিকুনিয়া থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে ভুক্তভোগী পরিবারকে আপস করতে চাপ দিচ্ছে। সংগঠনের তরফে এসসি/এসটি অত্যাচার প্রতিরোধ আইনের অধীনে মামলা দায়ের এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে।

চাপের মুখে খেরি পুলিশের তরফে জানানো হয়েছে, টিকুনিয়া থানার ইনচার্জকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত এফআইআর নথিভুক্ত বা গ্রেফতারের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *