আমুদরিয়া নিউজ : কলকাতায় সভা থেকে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। দ্বিতীয় দফার ভোটের আগে শ্রীরামপুরের জনসভায় তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মমতার মধ্যে গোপন সমঝোতা আছে বলেই কেন্দ্রীয় সংস্থাগুলি তৃণমূলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় না।
রাহুল বলেন, কংগ্রেসই একমাত্র দল যারা আরএসএস-বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই করছে। ব্যক্তিগতভাবে তাঁকেও বহুবার তদন্তের মুখে পড়তে হয়েছে। পাশাপাশি তিনি সারদা ও রোজভ্যালি চিটফান্ড, কয়লা কেলেঙ্কারি এবং তথাকথিত গুন্ডা ট্যাক্স-এর অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেন।
বাংলার শিল্প, শিক্ষা ও কর্মসংস্থানের অবনতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, রাজনৈতিক পরিচয় ছাড়া সাধারণ মানুষ সুযোগ পাচ্ছেন না।