বাংলাদেশে বসে ভারতে হামলার ছক, দিল্লিতে ধৃত লস্কর-ই নেতা

আমুদররিয়া নিউজ: দিল্লি থেকে এক লস্কর-ই-তইবার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম শাব্বির আহমেদ লোন। তিনি কাশ্মীরের শ্রীনগর জেলার কাঙ্গানের বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে বসে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশে লস্করের ভারত-বিরোধী কাজকর্ম পরিচালনা করতেন শাব্বির। পাশাপাশি বাংলাদেশের স্থানীয় যুবকদের জঙ্গি সংগঠনে নিয়োগের দায়িত্বেও ছিলেন ওই ব্যক্তি। এমনকি বেআইনিভাবে ভারতে থাকা একাধিক বাংলাদেশি নাগরিকের সঙ্গে মিলিত হয়ে তিনি ভারতে ধ্বংসাত্মক কাজকর্ম চালাতেন বলেও খবর পাওয়া গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুই দশকের বেশি সময় ধরে লস্কর-ই-তইবার সঙ্গে যুক্ত লোন পাকিস্তানের মুজফ্‌ফরাবাদে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছিলেন। অতীতে তাঁর সঙ্গে লশকরের কমান্ডার জাকি-উর-রহমান লাকভি, জামাত-উদ-দাওয়া এবং ২৬ নভেম্বরের মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদের সঙ্গেও তার যোগ ছিল। ২০০৭ সালে প্রথমবার গ্রেপ্তার হন লোন। ১১ বছর পর ২০১৮ সালে তিহাড় জেল থেকে জামিনে মুক্তি হয় তার। এরপর তিনি বাংলাদেশে গিয়ে নতুন করে জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলেন এবং ভারতে হামলার পরিকল্পনা শুরু করেন।

সম্প্রতি দিল্লির লস্কর ঘনিষ্ট একটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান চালিয়ে লোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সংগঠনের সদস্যরা দিল্লি ও কলকাতার বিভিন্ন জায়গায় দেশবিরোধী পোস্টার লাগিয়েছিল বলেও জানা গিয়েছে। বর্তমানে তাকে জেরা করে ভারতে কোথায় কোথায় তাদের হামলার পরিকল্পনা ছিল, কারা সেই  সঙ্গে কারা ছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে বলে খবর।

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *