‘নিরপেক্ষ ভূমিকা পালন করুন’ পুলিশকে কড়া হুঁশিয়ারি সুকান্তের

আমুদরিয়া নিউজ : দিলীপ ঘোষের পর এবার পুলিশের ভূমিকা নিয়ে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুরের কুশমুণ্ডির বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয়। আর সেই প্রচার মঞ্চ থেকেই স্থানীয় আইসি এবং বিডিওকে নিশানায় নিয়ে সুকান্ত বলেন, “যদি ভাল চান, বউ-বাচ্চা নিয়ে সুখে থাকতে চান আর রবিবারে শান্তিতে খাসির মাংস ও তুলাইপাঞ্জি চালের ভাত খেতে চান, তবে সোজা হয়ে কাজ করুন। আমাদের হয়ে কাজ করতে হবে না, শুধু নিরপেক্ষ থাকুন। বাকিটা আমরাই বুঝে নেব।” পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করলে, তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পর্যন্ত আর খুঁজে পাওয়া যাবে না বলেও তিনি এদিন মন্তব্য করেন।

শুধু তাই নয়, সুকান্তের অভিযোগ, কুশমুণ্ডি থানার আইসি তৃণমূলের হয়ে ক্যাডারের ভূমিকা পালন করছেন। এরপরেই আইসিকে সতর্ক করে তিনি বলেন, “চাকরি ছেড়ে সরাসরি ঘাসফুলের ঝাণ্ডা নিয়ে ভোটে দাঁড়ান। মনে রাখবেন, নিরপেক্ষভাবে কাজ না করলে নির্বাচন কমিশন সংবিধানের ৩১১ ধারা প্রয়োগ করে আপনাকে বরখাস্ত করতে পারে। তখন মুখ্যমন্ত্রীও বাঁচাতে পারবেন না।”

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *